ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খালেদের ৬ উইকেটের পর সোহানের সেঞ্চুরি, লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৫ মে ২০২৫   আপডেট: ২০:১৯, ১৫ মে ২০২৫
খালেদের ৬ উইকেটের পর সোহানের সেঞ্চুরি, লড়ছে বাংলাদেশ

প্রথম দিন ৪ উইকেট তুলে নিয়েছিলেন খালেদ। দ্বিতীয় ফাইফার অনুমেয় ছিল। তবে একধাপ এগিয়ে খালেদ তুলে নিলেন ৬ উইকেট। তাতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে বড় পুঁজি পায়নি নিউ জিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে নেমে দারুণ সেঞ্চুরিতে শেষ বিকেল রাঙিয়েছেন সোহান।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল। এদিন ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে দলটি। এর আগে নিউ জিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৫৬ রানে গুটিয়ে যায়।

নিউ জিল্যান্ডকে অল্প রানে থামিয়ে দিলেও ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের প্রায় সব ব্যাটারই উইকেটে সেট হয়ে আউট হয়েছেন। কিন্তু সোহান ছাড়া ইনিংস লম্বা করতে পারেননি কেউই। ঝড়ো ব্যাটিংয়ে তুলে ৮৮ বলে ১০৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা।

সোহান ছাড়া স্বীকৃত বাকি সব ব্যাটারদের মধ্যে তিন টপ অর্ডার ব্যাটার এনামুল হক ২৪, জাকির হাসান ১২ এবং মাহমুদুল হাসান জয় ১৮ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ২৫ রানের ইনিংস। এছাড়া অমিত হাসান ২৫ ও নাঈম হাসান ২০ রান করেন।

এর আগে সকালে আগের দিনের ৮ উইকেটে ২২৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শেষ দুটি উইকেট হারিয়ে আরও ৩০ রান যোগ করে নিউ জিল্যান্ড। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন মিচেল হেই। ৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

বাংলাদেশের হয়ে খালেদ ৫৯ রানের খরচায় ৬টি উইকেট নেন। আরেক পেসার এনামুল নেন ৩ উইকেট।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়