ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতকে হারিয়ে ফাইনালের দরজায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৪, ২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতকে হারিয়ে ফাইনালের দরজায় বাংলাদেশ

বাংলাদেশ-ভারত দ্বৈরথ মানেই আলাদা উত্তাপ। সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতায় সোমবার (০২ ফেব্রুয়ারি) নেপালের পোখরায় আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী পারফরম্যান্সে ভারত অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের কিশোরীরা।

এদিন ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। উচ্চচাপের এই লড়াইয়ে প্রথমার্ধেই ব্যবধান গড়ে নেওয়ার লক্ষ্য পূরণ করে দলটি। ৩০ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস ঠান্ডা মাথায় ফিনিশ করে লিড এনে দেন। গোলের পরই ম্যাচের গতি ও ছন্দ যে বাংলাদেশের দিকে, তা স্পষ্ট হয়ে ওঠে।

আরো পড়ুন:

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। দুই ডিফেন্ডারের ফাঁক গলে নিখুঁত নিয়ন্ত্রণ ও দ্রুত সিদ্ধান্তে বল জালে পাঠিয়ে বিরতিতে যাওয়ার আগেই ভারতের উপর চাপ বাড়ান তিনি। ফলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি। একাধিক সুযোগ তৈরি হলেও স্কোরলাইন আর বাড়েনি। তবে রক্ষণভাগের শৃঙ্খলা ও মাঝমাঠের নিয়ন্ত্রণে ম্যাচের লাগাম ধরে রাখে বাংলাদেশ, ভারতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কার্যত বন্ধ করে দেয়।

চার দল- স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটানকে নিয়ে আয়োজিত এই রাউন্ড-রবিন টুর্নামেন্টে প্রত্যেকে একে অপরের বিপক্ষে একবার করে খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে নামবে। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোলের ব্যবধানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারত এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, গোল ব্যবধান ঋণাত্মক।

সমীকরণ এখন পরিষ্কার হলেও শেষ অঙ্কে আছে নাটকীয়তার সুযোগ। নেপাল-ভুটান ম্যাচের ফল এবং শেষ রাউন্ডের ম্যাচগুলোয় ফলাফলের ওপর নির্ভর করে ফাইনালিস্ট নির্ধারিত হবে। তবু বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস ও গোল ব্যবধান; সব মিলিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যে শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে, তা বলাই যায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়