ওমানকে ২২৬ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে ২২৫ রান সংগ্রহ করেছে। জিততে ওমানকে করতে হবে ২২৬ রান।
ব্যাট করতে নেমে ১৫ রানে প্রথম ও ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুসল মেন্ডিস, পবন রাত্নায়েকে ও দাসুন শানাকার ফিফটিতে বিশাল সংগ্রহ পায়।
কুসল ও পবন দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ১৩৬ রানের মাথায় পবন ফিরেন ২৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৬০ রানের মারদাঙ্গা ইনিংস খেলে।
এরপর কুসল ও শানাকা চতুর্থ উইকেটে দলীয় সংগ্রহে যোগ করেন ৬৩ রান। ১৯৯ রানের মাথায় শানাকা ফিরেন ২০ বলে ২টি চার ও ৫ ছক্কায় ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে। ২০০ রানের মাথায় কুসল আউট হন ৪৫ বলে ৭টি চারে ৬১ রান করে।
সেখান থেকে কামিন্দু মেন্ডিসের ১ চার ও ২ ছক্কায় করা অপরাজিত ১৯ ও দুনিথ ওয়েল্লাগের অপরাজিত ৬ রানে ভর করে ৫ উইকেটে ২২৫ পর্যন্ত যায় শ্রীলঙ্কা।
বল হাতে জিতেন রামানন্দি ৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন। সুফিয়ান মাহমুদ ৪ ওবারে ৬০ রান দিয়ে নেন ১টি উইকেট। আর জয় ওদেদ্রা ১ ওভারে ১৪ রানে নেন ১টি উইকেট।
ঢাকা/আমিনুল