যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয়, টুর্নামেন্ট থেকে বাদ নামিবিয়া
নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল যুক্তরাষ্ট্র। রোববার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল যুক্তরাষ্ট্র। এর আগে নামিবিয়ার বিপক্ষে ২০২৪ সালে দুইবার খেলেছিল যুক্তরাষ্ট্র। দুইবারই তারা জিতেছিল। এবারও ফল পাল্টাল না।
চেন্নাইয়ের উইকেট সব সময়ই রান প্রসবা। উইকেটে ঠিকঠাক থাকতে পারলে ব্যাটসম্যানরা রান তুলে নিতে পারেন। যুক্তরাষ্ট্রের দুই ব্যাটসম্যান মোনাক ও সঞ্জয় থিতু হওয়ার পর আগ্রাসন দেখিয়েছেন। পেয়েছেন ফিফটির স্বাদ। তাতে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডও সমৃদ্ধ হয়েছে। ৪ উইকেটে ১৯৯ রান করেছে তারা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ দলীয় রান। এর আগে ১৯৭ রান করেছিল কানাডার বিপক্ষে।
২০০ রান তাড়া করতে নেমে নামিবিয়া ভালো শুরু পেলেও ইনিংসের মাঝে পথ হারিয়ে ফেলে। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি। ৬ উইকেটে ১৬৮ রানে আটকে যায় তাদের ইনিংস।
চিপকে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। দুই ওপেনার মোনাক পাটেল ও শায়ান জাহাঙ্গীর বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। পাওয়ার প্লে’তে যুক্তরাষ্ট্রের রান বিনা উইকেটে ৬৫। সপ্তম ওভারে শায়ানের (২২) বিদায়ে ভাঙে এই জুটি। অপরপ্রান্তে থাকা অধিনায়ক মোনাক তুলে নেন ফিফটি। ৩০ বলে ৩টি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে। সাজঘরে ফেরার আগে করেন ৫২ রান। তিনে নেমে সাইতেজা মুখ্খামাল্লা ভালো করতে পারেননি। ১৭ রানে আউট হন।
যুক্তরাষ্ট্রের ইনিংস এরপর টেনে তোলেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। তার শেষের ঝড়েই প্রায় দুইশ ছোঁয়া পুঁজি পায় যুক্তরাষ্ট্র। ৩৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৮ রান করেন তিনি। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন মিলিন্ড কুমার। ২০ বলে ২৮ রান করেন তিনি। জুটির বাকি ৫৫ রান সঞ্জয় কৃষ্ণমূর্তি একাই করেন।
বল হাতে নামিবিয়ার হয়ে উইলেম মাইবার্গ ও গেরহার্ড ইরাসমাস ২টি করে উইকেট নেন।
যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ক্লড ভ্যান শালকউইক এই ম্যাচেও উইকেটের স্বাদ পেয়েছেন। ১৭ রানে ২ উইকেট পেয়েছেন তিনি। ১৩ উইকেট নিয়ে উইকেট সংখ্যায় সবার উপরে রয়েছেন ডানহাতি এই পেসার।
নামিবিয়ার ওপেনার লরেন স্টিনক্যাম্প একাই লড়েছেন। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন জনাথন স্মিথ। ২৮ রান আসে নিকল ইটনের ব্যাট থেকে। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয়ের দিনে নামিবিয়া পেল তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ। এ পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।
ঢাকা/ইয়াসিন