ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৫ ওভারে ১৭৭ রান তুলল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৫ মার্চ ২০২৬   আপডেট: ২০:৫৩, ৫ মার্চ ২০২৬
১৫ ওভারে ১৭৭ রান তুলল ভারত

১৫ ওভারে ১৭৭ রান তুলল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে ১৫ ওভারেই ১৭৭ রান তুলেছে ভারত। উইকেট হারিয়েছে ৩টি। অভিষেক শর্মা, ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন আউট হয়েছেন। শিভম দুবে ২৮ ও সূর্যকুমার যাদব ৫ রানে ব্যাট করছেন।

১০ ওভারে ১১৯ রান তুলল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১১৯ রান তুলেছে ভারত। আউট হয়ে ফিরে গেছেন অভিষেক শর্মা ও ইশান কিষাণ। সঞ্জু স্যামসন ৩৪ বলে ৬৭ ও শিবম দুবে ১ রানে ব্যাট করছেন।

আরো পড়ুন:

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৬৭ তুলল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে ভারত। ২০ রানের মাথায় অভিষেক শর্মা উইল জ্যাকসের বলে আউট হয়ে ফিরে যান ৭ বলে ৯ রান করে। এরপর সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ মিলে টানছেন দলীয় সংগ্রহকে। তাদের দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৬৭ রান তুলেছে ভারত। স্যামসন ১৯ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৪০ রানে ও ইশান ৯ বলে ৩ চারে ১৬ রানে ব্যাট করছেন।

টস হেরে ব্যাটিংয়ে ভারত
মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই শক্তিধর দল ভারত ও ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

টস জয়ের পর ব্রুক জানান, উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো বলেই মনে হচ্ছে এবং শুরুটা ভালো করতে পারলে পরে রান তাড়া করা সুবিধাজনক হবে। ভারতীয় দলের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “ভারতের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা প্রথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করব এবং নিজেদের সেরাটা খেলতে চাই। টি-টোয়েন্টি ক্রিকেট খুবই অনিশ্চিত- তবে যেভাবে আমরা টুর্নামেন্টে লড়াই করে এগিয়েছি, সেটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।” দলে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড; রেহান আহমেদের জায়গায় একাদশে ঢুকেছেন জেমি ওভারটন।

অন্যদিকে টসে হেরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, তিনি টস জিতলেও ব্যাটিংই বেছে নিতেন। তার মতে, আজ স্টেডিয়ামে বাতাস থাকলেও শিশির পড়ার সম্ভাবনা খুব বেশি নেই। দলের ভেতরের পরিবেশ নিয়েও আশাবাদী সূর্যকুমার। তিনি বলেন, “ড্রেসিংরুমে দারুণ ইতিবাচক পরিবেশ রয়েছে। আমরা নিজেদের খেলাটাকে আরও শাণিত করেছি এবং আমাদের ক্রিকেটের ধরনটা ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি।” একই সঙ্গে ওয়াংখেড়ের উইকেটকে টুর্নামেন্টের অন্যতম সেরা বলে উল্লেখ করে কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের প্রশংসাও করেন তিনি। ভারতের একাদশে কোনো পরিবর্তন আসেনি।

পিচ রিপোর্ট অনুযায়ী, আজকের দিনটি তুলনামূলক উষ্ণ। ব্যবহার করা হচ্ছে ৭ নম্বর পিচ, যেখানে সোজা বাউন্ডারি প্রায় ৭৫ মিটার এবং স্কয়ার বাউন্ডারি প্রায় ৬৫ মিটার। মাঠে আগেই অ্যান্টি-ডিউ স্প্রে করা হয়েছে, ফলে শিশিরের প্রভাব খুব কম থাকার কথা। বিশ্লেষক ইয়ান বিশপের মতে, পাশের পিচগুলোর তুলনায় এই উইকেটে বল কিছুটা বেশি স্পিন করতে পারে, যদিও ঘাসের উপস্থিতি থাকায় ব্যাটারদের জন্যও রান তোলার সুযোগ থাকবে।

সব মিলিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমে উঠেছে হাইভোল্টেজ সেমিফাইনাল। প্রথমে ব্যাট করবে ভারত, আর ফাইনালের টিকিট পেতে শুরু থেকেই চাপে ফেলতে চাইবে ইংল্যান্ডের বোলাররা।

ভারতের একাদশ:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ডের একাদশ:
ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়