ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুযোগের পর সুযোগ নষ্টে গালাতাসারাইয়ের মাঠে লিভারপুলের হোঁচট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১১ মার্চ ২০২৬  
সুযোগের পর সুযোগ নষ্টে গালাতাসারাইয়ের মাঠে লিভারপুলের হোঁচট

ম্যাচের শুরু থেকে আক্রমণে দাপট ছিল লিভারপুলের। বল দখল, সুযোগ তৈরি- সবকিছুতেই এগিয়ে ছিল তারা। কিন্তু গোলের সামনে বারবার ব্যর্থতার খেসারতই শেষ পর্যন্ত দিতে হয়েছে ইংল্যান্ডের ক্লাবটিকে। একটি মাত্র গোলেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে হারিয়ে দিয়েছে তুরস্কের গালাতাসারাই।

মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে গালাতাসারাইয়ের হয়ে জয়সূচক গোলটি করেন মারিও লেমিনা। সেই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

আরো পড়ুন:

ম্যাচের শুরুটা ছিল সফরকারীদের দারুণ। দ্বিতীয় মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেন ফ্লোরিয়ান ভির্টজ, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার শট। পরের মিনিটেই দোমিনিক সভোবোস্লাইয়ের প্রচেষ্টাও প্রতিহত হয় প্রতিপক্ষের রক্ষণে।

প্রথম দিকের সুযোগ কাজে লাগাতে না পারার মূল্য দিতে হয় খুব দ্রুতই। সপ্তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে মাথা দিয়ে বল জালে পাঠান লেমিনা।

গোল খাওয়ার পরও আক্রমণ থামায়নি লিভারপুল। ১৬ মিনিটে ভালো জায়গা থেকে শট নেন ভির্টজ, কিন্তু গোলরক্ষকের দিকেই যায় বল। কিছুক্ষণ পর ইব্রাহিমা কোনাতের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে ভির্টজের আরেকটি হেড চমৎকারভাবে ঠেকিয়ে দেন গালাতাসারাইয়ের গোলরক্ষক।

বিরতির পরও বল দখলে এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচের প্রায় ৫৩ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। পুরো ম্যাচে তারা ১৫টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে।

৪৬ মিনিটে সভোবোস্লাইয়ের শট গোলরক্ষকের হাতে ধরা পড়ে। কিছুক্ষণ পর তার আরেকটি প্রচেষ্টা পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৬৬ মিনিটে উগো একিতিকে খুব কাছ থেকে গোলের সুযোগ পেয়েও সফল হতে পারেননি। প্রতিপক্ষের গোলরক্ষক দারুণ দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন।

এই ম্যাচে লিভারপুলের হয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ৮১তম ম্যাচ খেলেন মোহাম্মদ সালাহ, যা ক্লাবের ইতিহাসে নতুন রেকর্ড। তবে রেকর্ডের দিনে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি তাকে। ৬০ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।

শেষ দিকে কোডি গাকপোর দ্রুতগতির শট পোস্ট ছুঁয়ে বাইরে চলে গেলে হতাশা আরও বাড়ে লিভারপুল শিবিরে।

এই জয়ে সুবিধাজনক অবস্থানে আছে গালাতাসারাই। তবে শেষ কথা এখনও বলা যায় না। আগামী বুধবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত হবে ফিরতি লড়াই।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়