ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড় জয়ে ব্যবধান কমাল রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৫ মার্চ ২০২৬  
বড় জয়ে ব্যবধান কমাল রিয়াল

লা লিগার শিরোপার লড়াই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে এলচেকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লিগের শীর্ষ লড়াই নতুন করে জমে উঠেছে।

২৮ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ এখন ৬৬ পয়েন্ট। অন্যদিকে ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে দুই দলের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট।

আরো পড়ুন:

এই ম্যাচে সবচেয়ে উজ্জ্বল নাম উরুগুয়ের মাঝমাঠের তারকা ফেদেরিকো ভালভার্দে। সাম্প্রতিক সময়ে তার গোল করার ছন্দ যেন বিস্ময় জাগাচ্ছে। মাত্র ৯ দিনের ব্যবধানে এটি তার চতুর্থ গোল।

অথচ মৌসুমের শুরুতে দীর্ঘ সময় গোলখরায় ছিলেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রথম ৩৯ ম্যাচে করেছিলেন মাত্র ২টি গোল। শেষ কয়েক ম্যাচে সেই চিত্র বদলে গেছে পুরোপুরি।

ম্যাচের প্রথম ভাগে দুই দলই সতর্ক ছিল। তবে প্রথমার্ধের শেষ কয়েক মিনিটেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় রিয়াল। ৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে তৈরি হয় প্রথম গোলের সুযোগ। ভালভার্দের শক্ত শট ঠিকভাবে সামলাতে পারেননি গোলরক্ষক ম্যাতিয়াস দিতুরো। ফিরতি বলে জোরালো ভলিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন আন্তোনিও রুদিগার।

এর ঠিক পাঁচ মিনিট পর নিজের নামও স্কোর তালিকায় যোগ করেন ভালভার্দে। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণ গড়ে তুলে ফ্রান গার্সিয়ার সঙ্গে বল বিনিময় করেন তিনি। পরে বক্সের সামনে থেকে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই উরুগুইয়ান তারকা।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি রিয়াল। ৬৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ডিন হুইসেন। এতে ম্যাচের ফল প্রায় নিশ্চিত হয়ে যায়।

শেষদিকে দর্শকদের জন্য সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্তটি উপহার দেন তরুণ তুর্কি তারকা আরদা গুলের। ৮৯ মিনিটে মাঝমাঠের সামনে থেকে দুর্দান্ত লব শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি।

এই দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শেষভাগে এসে তাদের ধারাবাহিক পারফরম্যান্স শিরোপা লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। এখন এক পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে বার্সেলোনা থাকলেও রিয়াল মাদ্রিদ যেন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়