ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৬
কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ভাঙচুরের ঘটনাও ঘটে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের একটি মিছিল বিএনপির কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

সংঘর্ষে জামায়াতের ঘাগটিয়া ইউনিয়নের কর্মী জাহিদ ভুঁইয়া ও লতিফ ভুঁইয়াসহ তিনজন আহত হন। বিএনপির দুই কর্মীও আহত হয়েছেন, তবে তাদের নাম জানা যায়নি।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন বলেন, “পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে ফেরার সময় তাদের ওপর হামলা করা হয়।”

তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সদস্য মাওলানা শেফাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে নেতাকর্মীরা সরে যান। তার অভিযোগ, সংঘর্ষের সময় জামায়াতের একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

অন্যদিকে, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান দাবি করেন, জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাদের দুই কর্মীকে মারধর করেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্তারিত তথ্যের জন্য কাপাসিয়া থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” 

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়