ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারে গুলি, শিশুসহ আহত ৫

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারে গুলি, শিশুসহ আহত ৫

গুলিবিদ্ধ হয়ে আহতরা।

কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণ হয়েছে। এতে ১৮ মাস বয়সী এক শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

গুলিবিদ্ধরা হলেন- ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), একই ক্যাম্পের নুর হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), হ্নীলা ইউনিয়নের মোছনী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া (৩৮), আলীখালী ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮ মাস) এবং একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারের একটি ট্রাকে গান-বাজনা চলছিল। গাড়িটির আশপাশে জড়ো হতে শুরু করেন লোকজন। এ সময় জনতার ভিড়ের মধ্যে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বন্দুক দিয়ে অতর্কিত গুলি ছোড়েন। পাঁচজন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিএনপির নির্বাচনি প্রচার দেখতে আসা জনতার ওপর মদ্যপ অবস্থায় এক ব্যক্তি গুলি চালিয়েছে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়