অটোভ্যানকে চাপা দিল ট্রাক, স্বামী-স্ত্রীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জে খৈচালা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মারা গেছেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইটবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আহতরা হলেন- ভ্যানচালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, সকালে নিমগাছি থেকে ইট বোঝাই ট্রাকটি ভুইয়াগাঁতিতে যাচ্ছিল। আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় ট্রাকটি ব্যাটারিচালিত ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা/অদিত্য/মাসুদ