টেকনাফে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন।
কক্সবাজারের টেকনাফে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ অন্তত আটজন আহত হন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত ব্যক্তির নাম মো. লালু (৪৫)। তিনি একই ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী পালকি বাস লেদাগামী একটি যাত্রীবাহী ব্যাটারিচালিকত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক লালু মারা যান। পথচারীসহ অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কক্সবাজার–টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় একজন নিহত এবং পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত চালকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/মাসুদ