ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরের ১৯ রেলক্রসিং খুবই বিপজ্জনক

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরের ১৯ রেলক্রসিং খুবই বিপজ্জনক

যশোর প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন চলাচল করছে। কিন্তু এরমধ্যে ঝিকরগাছা উপজেলার সীমানার ১৯টি রেলক্রসিং খুবই বিপজ্জনক।

এই ১৯ রেলক্রসিংয়ে নেই কোন গেইটম্যান বা গেইটবার। ফলে স্থানীয়রা প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে এসব রেল ক্রসিং পারাপার হচ্ছেন। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল রেললাইনের ঝিকরগাছা সীমানার নওয়াপাড়া (নতুনহাট বাজার) থেকে নাভারণ পুরাতন বাজারে ২৫টি রেলক্রসিং রয়েছে। এরমধ্যে নওয়াপাড়া (নতুনহাট বাজার), যশোর-বেনাপোল সড়কের লাউজানী গেইট, পৌরসদরের হাসপাতাল মোড়, ঝিকরগাছা বাজার (সিনেমা হল রোড), ঝিকরগাছা-বাঁকড়া সড়কের কাউরিয়া মুন্সিপাড়া ও গদখালীর পটুয়াপাড়া এই ছয়টি স্থানে রেলওয়ে অনুমোদিত গেইটম্যান ও গেইটবার রয়েছে।

বাকি ১৯টি স্থানে গেইটবার না থাকায় ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার হচ্ছেন পথচারীরা। এগুলো হলো- ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর, লাউজানী বাজার, মল্লিকপুর মোড়, কীত্তিপুর জমিরশাহ্ দরগা, ট্রাক টার্মিনাল, হঠাৎপাড়া, পুরান্দরপুর, হাজেরালী, বামনালীর তিনিটি স্থান, সৈয়দপাড়া, টাওরা, গদখালী, শরীফপুর, আমিনী, চান্দেরপোল, বাদে-নাভারণ, নাভারণ পুরাতন বাজারে কোনো গেইটম্যান বা গেইটবার নেই।

সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ ট্রাক টার্মিনালের রেলক্রসিংয়ে দু’পাশে রেলপাতি দিয়ে ক্রসিং বন্ধ করে দেন। এ ছাড়াও অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে লাউজানী বাজার, কীর্তিপুর জমিরশাহ্ (পূর্বে গেইট ছিল), শরিফপুর ও নাভারণ পুরাতন বাজার।

কীর্তিপুর জমিরশাহ্ দরগা এলাকা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা গণি মিয়া বলেন, ‘রেললাইন পার হতে গিয়ে এখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। গরু-ছাগলতো এখানে প্রায়ই ট্রেনে কাটা পড়ে। এই স্থানটি খুবই দুর্ঘটনা প্রবণ। এখানে একটি গেইটবার খুবই গুরুত্বপূর্ণ।’

স্থানীয় কয়েকজন জানান, গত ২৪ এপ্রিল জয়কৃষ্ণপুর মোড়ে ট্রেনের ধাক্কায় একটি স্কুল ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় অন্তত ১৫ শিক্ষার্থী। এর পরে কীর্তিপুর জমিরশাহ্ মোড়ে ট্রেনের ধাক্কায় এক নছিমন চালক নিহত হন। এছাড়া প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনার খবর পাওয়া যায়।

রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যশোর-বেনাপোল রেলওয়ে সড়কের এসব স্থান পরিদর্শন করে অধিক ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোর গেইটম্যানসহ গেইটবার লাগানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


রাইজিংবিডি/ যশোর/১ জুলাই ২০১৯/বি এম ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়