লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
গত ৬ ফেব্রুয়ারি জুওয়ারা উপকূলে একটি রাবার নৌকা উল্টে যায়
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি রাবারের নৌকা ডুবে গেছে। এতে দুই শিশুসহ অন্তত ৫৩ জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল-জাজিরার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে ৫৫ জন যাত্রীসহ নৌকাটি উল্টে যায়।
আইওএম জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের উদ্ধারকারী দল বেঁচে যাওয়া দুই ব্যক্তিকে উপকূলে নামানোর পর জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন।
নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার আল-জাবিয়া থেকে রওনা হয়েছিল এবং প্রায় ছয় ঘণ্টা পর এটি দুর্ঘটনার কবলে পড়ে।
আইওএম-এর ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’-এর তথ্যানুযায়ী, বিপজ্জনক মধ্য ভূমধ্যসাগরীয় রুটে গত বছর ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। সাম্প্রতিক এই ঘটনার ফলে চলতি বছরে এই রুটে নিহত বা নিখোঁজ হওয়া শরণার্থী ও অভিবাসীদের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪৮৪ জনে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আইওএম-এর নথিপত্র অনুযায়ী, শুধু জানুয়ারি মাসেই চরম আবহাওয়ার মধ্যে মধ্য ভূমধ্যসাগরে একাধিক নৌকাডুবিতে অন্তত ৩৭৫ জন অভিবাসী নিহত বা নিখোঁজ বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আরো শত শত মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা সম্ভব হয়নি।”
বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি জানায়, “এই বারবার ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে অভিবাসী ও শরণার্থীদের জীবন রক্ষায় বিদ্যমান ঝুঁকি ও ভয়াবহ বিপদকে আবার সামনে নিয়ে আসছে।”
ঢাকা/ফিরোজ