যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৫০
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ডেডিকেডেট আইসোলেশনের রেডজোনে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৬ জন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ২১৯ জনের।
জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭২০ জনের নমুনা পরীক্ষা করে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৫০ জন। শনাক্তের হার ৩৫ শতাংশ। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৭ জনে।
এদিকে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের আজ তৃতীয় দিন চলছে। লকডাউন বাস্তবায়নে আজো সেনাবাহিনী, বিজিবি, পুলিশের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর টিমকে মাঠে তৎপর দেখা গেছে।
যশোর/রিটন/টিপু