ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কঠোর নজরদারিতে জঙ্গল সলিমপুর, চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৬ আগস্ট ২০২২   আপডেট: ১৫:৩২, ২৬ আগস্ট ২০২২
কঠোর নজরদারিতে জঙ্গল সলিমপুর, চলছে অভিযান

সরকারের মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত জঙ্গল সলিমপুর এলাকাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বক্ষনিক নজরদারিতে রেখেছে প্রশাসন। 

সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর বুধবার (২৪ আগস্ট) রাত থেকেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে উক্ত এলাকায় । বৃহস্পতিবারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় জঙ্গল সলিমপুরগামী ও সেখান থেকে বের হওয়া পাঁচশ’রও যানবাহন আটক করে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়।  কয়েকশত মানুষকে জিজ্ঞাসা করা হয় সলিমপুর গমনের উদ্দেশ্য। বহিরাগত সন্দেহজনক লোকজনকে সলিমপুর প্রবেশে বাধা দেওয়া হয়। এসময় ৩৮ টি মামলায় ৩১ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।

এর আগে রাতভর অভিযান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ। তিনি সারারাত জঙ্গল সলিমপুরগামী সকল যানবাহন চেক করেন ও লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।

বৃহস্পতিবার বেলা ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার।  তিনি ২৫ মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। জেলা পুলিশ ও সিএমপি এবং র‍্যাব অভিযানে সহায়তা করে।

সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযানে ছিলেন সদর সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন এবং রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।  

চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান. সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গল সলিমপুরে যেনো আর কোন অবৈধ বসতি গড়ে না উঠে এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা প্রতিরোধে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। শুক্রবারও একই নিয়মে অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের কঠোর নজরদারিতে থাকবে সমগ্র জঙ্গল সলিমপুর।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়