ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা 

রাজবাড়ী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১ জুলাই ২০২৩  
রাজবাড়ীতে কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা 

বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। রাজবাড়ীতে প্রতি কেজি কাঁজা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এদিকে, সরকার গত ২৫ জুন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিলেও কমছে না মরিচের দাম। এতে অতিষ্ট হয়ে পড়েছেন বাজারে আসা নিম্ন আয়ের মানুষ।

শনিবার (১ জুলাই) সকাল থেকে রাজবাড়ীতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪ হাজার টাকা মণ। বিক্রেতারা জানান, বৃষ্টিতে মরিচের ফলন ভালো হয়নি। তাছাড়া, ঈদের কারণে পরিবহন সংকটে বাজারে সরবরাহ কম। এতে পাইকারদের কাছ থেকে তাদের কিনতে হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে।

সদরের রামকান্তপুরের শামীম আজাদ সকালে শ্রীপুর বাজারে আসেন বাজার করতে। তিনি বলেন, আমি কাঁচা মরিচের দাম শুনে অবাক। ৬০০ টাকা কেজি দামে মরিচ কিনলাম। মরিচ ছাড়া তো আর রান্না সম্ভব না। এতো দাম দিয়ে মরিচ কেনাও কষ্ট। আমরা সাধারণ মানুষ বাজারে এসে অতিষ্ট হয়ে যাচ্ছি।

খোঁজ নিয়ে দেখা যায়, রাজবাড়ীর সব উপজেলাতেই ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, দেশের কয়েকটি জেলায় অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কম হয়েছে। এছাড়া, কোরবানির ঈদের কারণে পরিবহন সংকটে স্থানীয় বাজরে কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। ফলে বাজারগুলোতে মরিচের দাম ঊর্ধ্বমুখী। আশা করছি, দুই/তিন দিনের মধ্যে ভারত থেকে আমদানিকৃত মরিচ বাংলাদেশে ঢুকলে মরিচের দাম কমে যাবে। এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং করবে।

রবিউল আউয়াল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়