বান্দরবানে মোতায়েন থাকবে ২১ প্লাটুন বিজিবি
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ১৬৯ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সাতটি উপজেলায় মোতায়েন থাকবে ২১ প্লাটুন বিজিবি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৯ বিজিবির ৭টি প্লাটুন, থানচিতে ৩৮ বিজিবির ৭টি প্লাটুন এবং লামা ও আলীকদম উপজেলায় ৫৭ বিজিবির ৭টি প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি বান্দরবান সেক্টরের অধীন ২২টি বেজ ক্যাম্প থেকেও নির্বাচনি নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি জানান, ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি পাঁচটি প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। এর মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- বলিপাড়া ব্যাটালিয়নের ৩৮ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, আর্টিলারি উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বান্দরবানে কর্মরত সাংবাদিকরা।
ঢাকা/চাইমং/মাসুদত্র