ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে ভোটে জিতে আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
পঞ্চগড়ে ভোটে জিতে আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। 

শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

আবু দাউদ প্রধান বলেন, “কিছুক্ষণ আগে আমি জানলাম আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে মেন্ডেট দিয়েছে। যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো প্রত্যেক দলে কম-বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে। তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে আমাদের। কোনো অবস্থাতেই আমাদের এলাকার শান্তিশৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পরে।’’

‘‘আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা। আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না, আপনাদের গায়ে কেউ যদি কোন আঁচড় দেয় আমাকে জানাবেন। কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব না,” বলেন দাউদ প্রধান।

আওয়ামী লীগের কার্যলয় খুলে দেওয়ার সিদ্ধান্ত কার জানতে চাইলে তিনি বলেন, “এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় যেন উত্তেজনা বিরাজ না করে, এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি।”

এ দিকে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেছেন, “আমাদের নামে মিথ্যে মামলা হয়েছে। সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয় এই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু দাউদ প্রধানের কাছে।”

আবু নাঈম/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়