ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা

পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা

ফাগুনের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবছর পর্যটকের ভিড়ে মুখর থাকে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা। উৎসবের আমেজে প্রাণ ফিরে পায় পুরো সৈকত এলাকা।

তবে এ বছর কুয়াকাটার সেই চিরচেনা দৃশ্য একেবারেই ভিন্ন। অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা।

আরো পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে এমন স্থবির অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ীরা। প্রত্যাশিত অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের উদ্যোক্তারা পড়েছেন আর্থিক সংকটে।

এদিকে বর্তমানে সৈকতে হাতে গোনো যে কয়েকজন পর্যটক রয়েছেন, তারা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। কেউ কেউ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন, আবার অনেকে খালি পায়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

কুয়াকাটা সৈকত সংলগ্ন ডাব ও চা বিক্রেতা স্বপন মিয়া বলেন, আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিতে প্রতিবছরই সৈকতে হাজার হাজার পর্যটক থাকে। কিন্তু আজ সৈকতে ২০০ পর্যটকও নেই। খালি পড়ে আছে সৈকতের বেঞ্চগুলো। সকাল থেকে এখন পর্যন্ত মাত্র ২০০ টাকা বিক্রি করেছি। নির্বাচনের শুরু থেকে প্রায় ১৫ দিন পর্যন্ত এই অবস্থা বিরাজ করছে। আমরা অনেকটা লোকসানে পড়েছি।

আচার ও কসমেটিকস পণ্য বিক্রেতা সুলতান আকন বলেন, প্রায় ১৫ দিন ধরে পর্যটক শূন্য কুয়াকাটা। সুনসান নীরবতায় কাটছে আমাদের দিন। সামনে আসছে রমজান। তখনো পর্যটক শূন্য থাকবে কুয়াকাটা। ইতিমধ্যে প্রতিদিন আমরা লোকসান গুনছি। রমজানেও কোনো বিক্রি থাকবে না। এভাবে পর্যটক না থাকলে আমরা ব্যবসা চালিয়ে যেতে পারবো না। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় পর্যটক নেই বললেই চলে। তবে হাতে গোনা যেসব পর্যটক রয়েছেন তাদের নিরাপত্তায় আমরা বেশ তৎপর রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল অব্যাহত রয়েছে।

ঢাকা/ইমরান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ