ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার মন্ত্রী পেল রংপুর বিভাগ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
চার মন্ত্রী পেল রংপুর বিভাগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসাদুল হাবিব দুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ফরহাদ হোসেন আজাদ (ডানে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রংপুর বিভাগের চারজন সংসদ সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় উত্তরাঞ্চলের চার নেতাকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে, তিনি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরো পড়ুন:

লালমনিরহাট-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। নির্বাচনে জেতার কয়েকদিনের মধ্যে মঙ্গলবার বিকেলে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারকে রহমানের মন্ত্রিসভায় তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

২০০১-২০০৬ মেয়াদে আসাদুল হাবিব দুলু একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। নতন মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এলাকার এই সংসদ সদস্য তার প্রশাসনিক দক্ষতা দিয়ে নতুন মন্ত্রণালয়ে কাজ করবেন।

মন্ত্রিসভার অন্যতম বড় চমক পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। উত্তরাঞ্চলের নদী শাসন ও তিস্তা পাড়ের মানুষের অধিকার আদায়ে তিনি বিশেষ ভূমিকা রাখবেন এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের।

সদ্য সমাপ্ত নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ১৫টি আসনে জয়লাভ করে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৮টি আসনে জয় পায়। মন্ত্রিসভায় বিএনপির চার নেতার অন্তর্ভুক্তিকে উত্তরাঞ্চলের উন্নয়নের বড় সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়