ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মন্দিরের দুই দানবাক্স ভেঙে লাখ টাকা চুরি

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
মন্দিরের দুই দানবাক্স ভেঙে লাখ টাকা চুরি

শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি করা হয়েছে।

শরীয়তপুরের কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি করা হয়েছে। দানবাক্স দুটিতে অন্তত এক লাখ টাকা ছিল বলে জানিয়েছেন মন্দিরের দায়িত্বশীলরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা শহরের পালং বাজার এলাকায় চুরি সংঘটিত হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রথমে বাইরের দানবাক্স ভাঙা দেখতে পায় পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের গ্রিল কাটা ও ভেতরের দানবাক্স ভেঙেও টাকা চুরি করা হয়েছে। 

এছাড়াও পাশের কালিমন্দিরের লোহার গ্রিলের তালা ভাঙা দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। মন্দিরের দানবাক্সদুটিতে অন্তত এক লাখ টাকা ছিল বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ।

শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, রাতের আধারে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে চোরেরা টাকা নিয়ে গেছে। এর আগেও মন্দিরে চুরি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কাউকে আটক করতে পারেনি। 

দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 
 

ঢাকা/আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়