স্বামীর মারপিটে আহত স্ত্রীর মৃত্যু
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনার আটঘরিয়ায় স্বামীর মারপিটে আহত স্ত্রী লাইলী খাতুন (৪৫) মারা গেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে, গতকাল সকালে তাকে মারধর করা হয়। লাইলী খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুল কুদ্দুস স্ত্রীকে মারধর করেন। এতে লাইলী গুরুতর আহত হন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।”
ঢাকা/শাহীন/রাজীব