ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবন উপকূল থেকে ২০ জেলেকে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
সুন্দরবন উপকূল থেকে ২০ জেলেকে অপহরণ

সুন্দরবন উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের পৃথক স্থান থেকে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে দুবলার উপকূলের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, “সোমবার দিবাগত রাতে নারিকেলবাড়ীয়া এলাকায় হামলা চালিয়ে আট জেলেকে তুলে নেয় দস্যুরা। একই রাতে আমবাড়ীয়ার খাড়ি এলাকায় আরেকটি জেলে বহরে হামলা চালানো হয়। এ সময় অস্ত্রের মুখে আরো ১২ জেলেকে তুলে নিয়ে যাওয়া হয়।”

অপহৃতরা হলেন—হরিদাস বিশ্বাস, গোপাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শংকর বিশ্বাস, তুষার বিশ্বাস, মনিরুল, উজ্জ্বল কুমার বিশ্বাস, কালিদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রূপ কুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও বাটু বিশ্বাস।

সুন্দরবনের দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, “বর্তমানে চারটি বনদস্যু চক্র সুন্দরবন ও সাগর এলাকায় সক্রিয় রয়েছে। তারা নিয়মিত জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। এতে জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।”

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, “২০ জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জেলেদের নিরাপত্তায় কোস্ট গার্ড ও র‌্যাবের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি বনরক্ষীদের টহল আরো জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।”

ঢাকা/বাদশা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়