ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রতিমন্ত্রীর পরিদর্শন: সিদ্ধিরগঞ্জে তিন ভূমি কর্মকর্তা-কর্মচারীকে বদলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৯:০৬, ৫ মার্চ ২০২৬
প্রতিমন্ত্রীর পরিদর্শন: সিদ্ধিরগঞ্জে তিন ভূমি কর্মকর্তা-কর্মচারীকে বদলি

কাউকে অবহিত না করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সে সময় তিনি দেখতে পান যথাসময়েও অফিস তালাবন্ধ।

এ সময় সেবা নিতে আসা লোকজন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। এ ঘটনায় তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এর আগে, বুধবার রাতে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

তিন জন হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। এর মধ্যে, নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

এর আগে, বুধবার সকাল ৯টার দিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে যান।

প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে যথাসময়ে কর্মস্থলে পাওয়া যায়নি। সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।

এছাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত দাপ্তরিক সময়ের বাইরে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত অফিসে অবস্থান করে গান-বাজনাসহ বিভিন্ন অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠে এসেছে।

ঢাকা/অনিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়