সেন্টমার্টিনে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ, আড়াই লাখে বিক্রি
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছে দক্ষিণ বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোল মাছ। স্থানীয় ব্যবসায়ীরা ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাটে তোলা হয়। পরে বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশারিতে রাখা হয়েছে।
মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানিয়েছেন, মো. রাসেলের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোট ঘাট থেকে সাগরে যায়। সাগরে বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি এ মাছ নিয়ে টেকনাফে ফিরে আসে।
তিনি বলেন, “আমি ও জাফর মিলে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটির ওজন ২০০ কেজির বেশি হতে পারে।”
সিরাজুল ইসলাম বলেন, “শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ-সংলগ্ন বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে। গত বছরের রমজান মাসে একই ধরনের বড় আকারের বোল মাছ বিক্রি করেছিলাম আমরা।”
ট্রলার মালিক মো. রাসেল জানিয়েছেন, তার ট্রলারটি ৩ মার্চ সাগরে মাছ ধরতে যায়। ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি বোট ঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা জানিয়েছেন, বোল মাছের অন্যতম বৈশিষ্ট্য হলো—এর বড় আকৃতির মুখ এবং শরীরজুড়ে থাকা বিভিন্ন রঙের ফোটা ফোটা দাগ, যা মাছটিকে দেখতে বেশ আকর্ষণীয় করে তোলে। সেন্টমার্টিন দ্বীপের প্রবালঘেরা শীল এলাকাগুলোতে এই প্রজাতির মাছ তুলনামূলক বেশি পাওয়া যায়। স্বাদে ভালো হওয়ায় বাজারে এ মাছের চাহিদাও বেশ রয়েছে।
ঢাকা/তারেকুর/রফিক