ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলকাতার হোটেলেই আটকে ওয়েস্ট ইন্ডিজ, হতাশ কোচ স্যামির আবেদন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ৫ মার্চ ২০২৬  
কলকাতার হোটেলেই আটকে ওয়েস্ট ইন্ডিজ, হতাশ কোচ স্যামির আবেদন

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পরও দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। কলকাতার একটি হোটেলেই আটকে থাকতে হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটারদের। এই অনিশ্চয়তা নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, “আমি শুধু বাসায় ফিরতে চাই।” কিছুক্ষণ পর আরেকটি বার্তায় তিনি যোগ করেন, “অন্তত একটা আপডেট দিন। আজ, কাল, না কি আগামী সপ্তাহ; কিছু তো বলুন। পাঁচ দিন হয়ে গেল।”

আরো পড়ুন:

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে ভারতের আকাশপথের স্বাভাবিক রুটগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বকাপ শেষ করা কয়েকটি দল এখনো দেশে ফিরতে পারছে না। সেই পরিস্থিতিতেই কলকাতায় আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলকে জানিয়েছিল যে, তাদের লন্ডন হয়ে ক্যারিবীয় অঞ্চলে ফেরানোর জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে। পরিকল্পনা ছিল সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারত ছাড়বে দলটি। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। ফলে এখনো কলকাতাতেই অবস্থান করতে হচ্ছে তাদের।

বিশ্বকাপের সুপার এইট পর্বে শেষ ম্যাচে ১ মার্চ ভারতের কাছে হারের পরই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

একই পরিস্থিতিতে পড়েছিল জিম্বাবুয়েও। তবে বুধবার তাদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। নতুন ভ্রমণ পরিকল্পনার আওতায় দলের প্রথম অংশের ক্রিকেটাররা দিল্লি থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, বিকল্প ভ্রমণ ব্যবস্থার মাধ্যমে দলটি ধাপে ধাপে দেশে ফিরছে। প্রথম পরিকল্পনা অনুযায়ী তাদের দুবাই হয়ে ফেরার কথা থাকলেও পরিস্থিতির কারণে সেই রুট পরিবর্তন করা হয়েছে। এখন তারা ইথিওপিয়ার আদ্দিস আবাবা হয়ে হারারে ফিরছে।

অন্যদিকে নিউ জিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকাও এখনো দেশে ফেরার সূচির অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড যদি আজ ভারতের কাছে হারে, তাহলে তাদেরও ফেরার ভ্রমণ পরিকল্পনা নতুন করে নির্ধারণ করতে হবে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বকাপ শেষে দলগুলোর দেশে ফেরার পথকে জটিল করে তুলেছে। আর সেই অনিশ্চয়তার মধ্যেই কলকাতার হোটেলে অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ দল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়