ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মিলন হাওলাদার
ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ নেওয়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে নলছিটি পৌরসভার শংকরপাশা পোলের হাট এলাকায় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বজন ও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, শংকরপাশা গ্রামের বেল্লাল হোসেনের সঙ্গে প্রতিবেশী মিলন ও তার ভাই মিরাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আগে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এরই ধারাবাহিকতায় দুই দিন আগে বিদ্যুৎ সংযোগ নেওয়া নিয়ে বিরোধের জের ধরে মিলনের বিরুদ্ধে বেল্লালের বসতঘরে হামলার অভিযোগ এনে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের তদন্তে পুলিশ গতকাল বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে এলে মিলন আত্মপোগনে চলে যান। পরদিন বৃহস্পতিবার ১০টার দিকে মিলন স্থানীয় পোলের হাট বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষ গ্রুপের বেল্লাল, শাহ আলম, রিপনসহ কয়েকজন তার গতি রোধ করলে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে বেল্লাল গ্রুপের দুজন আহত হলে মিলন দৌড়ে পালানোর চেষ্টা করেন। প্রতিপক্ষরা সেখান থেকে তাকে ধরে এনে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। একপর্যায়ে তিনি অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্বজনরা মিলনকে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তাকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকরা বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/অলোক/রফিক