ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৫ মার্চ ২০২৬  
২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ এই ছুটির ব্যাপ্তি দাঁড়াচ্ছে মোট ২৩ দিন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

একাডেমিক ক্যালেন্ডারে ছুটির তারিখ পর্যালোচনা করে দেখা যায়, ৬ ও ৭ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র-শনি) থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ৪ দিন বেশি ছুটি পাচ্ছেন। ফলে সব মিলিয়ে মোট ছুটি হচ্ছে ২৩ দিন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যথারীতি বিশ্ববিদ্যালয় খুলবে এবং ক্লাস ও অফিস কার্যক্রম চালু হবে।”

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পক্ষ থেকেও ছুটিকে কেন্দ্র করে পৃথক নোটিশ জারি করা হয়েছে। বিজয়–২৪ হল কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হল বন্ধ থাকবে। তবে ২৭ মার্চ সকাল ১০টা থেকে পুনরায় শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। নোটিশে আরও বলা হয়েছে, ছুটিকালীন কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে চাইলে এবং বিশেষ কারণে হলে অবস্থান করতে চাইলে গেটে সংরক্ষিত রেজিস্টার খাতায় নাম ও প্রবেশের কারণ লিপিবদ্ধ করতে হবে।

ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও বন্ধ থাকবে বলে পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাস সার্ভিস চালু থাকবে।”
 

ঢাকা/এমদাদুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়