ডোমারে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে যান মজনু ও তার দুই ভাই। এ সময় প্রতিপক্ষ ডোমার পৌর ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের তিনজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, “এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।”
ঢাকা/সিথুন/রাজীব