ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুরমা নদীতে নাব্য সংকট, আটকা পড়েছে ডিজেলবাহী জাহাজ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ০৮:৪৯, ২৭ মার্চ ২০২৬
সুরমা নদীতে নাব্য সংকট, আটকা পড়েছে ডিজেলবাহী জাহাজ

সুরমা নদীতে আটকা পড়া জাহাজ। পাইপের সাহায্যে তেলবাহী ট্রাকে বৃহস্পতিবার রাতে তেল সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় (ডানে)।

সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজের নিচে সুরমা নদীতে নাব্য সংকটের কারণে প্রায় সাড়ে ৫ লাখ লিটার ডিজেলবাহী জাহাজ আটকা পড়েছে। ফলে জ্বালানি সরবরাহে সাময়িক চাপ তৈরি হলেও বিকল্প ব্যবস্থায় তেল জাহাজ থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

সূত্র জানায়, চারদিন আগে ফতুল্লা এলাকার যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড থেকে ৫ লাখ ৪৪ হাজার ৫৭২ লিটার ডিজেল নিয়ে একটি জাহাজ সিলেট ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সুরমা নদীর নাব্য সংকটের কারণে জাহাজটি সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজের নিচে এসে আটকে পড়ে।

জাহাজ ‘এমটি রিভার লিংক’-এর চালক মাস্টার মো. রবিউল বলেন, “আমরা চারদিন আগে ফতুল্লা থেকে তেল নিয়ে রওনা দিয়েছিলাম। নদীর পানি কম থাকায় জাহাজ আটকে গেছে। আপাতত পাইপ বসিয়ে সরাসরি লরিতে তেল তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি বলেন, ‍“অন্তত ১ লাখ লিটার তেল সরানো গেলে পুনরায় জাহাজটি সচল হয়ে সরাসরি ডিপোতে পৌঁছাতে পারবে।”

ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, “জ্বালানি তেলের ঘাটতি মোকাবিলায় নদীপথে তেল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নাব্য সংকটের কারণে জাহাজটি আটকে গেছে। এখন পর্যন্ত পাইপ বসিয়ে প্রায় ২৫ হাজার লিটার তেল উত্তোলন করে ডিপোতে পাঠানো হয়েছে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ‍“নাব্য সংকটের কারণে ডিজেলবাহী জাহাজটি সুরমা নদীতে আটকে গেছে। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ মোতায়েন করা আছে।”

ঢাকা/রাহাত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়