পাবনায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মুক্তা খাতুন (২৫)।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তা খাতুন উল্লিখিত গ্রামের টুটুল ইসলামের স্ত্রী। টুটুল ইসলাম প্রায় দুই বছর সিঙ্গাপুরে অবস্থান করছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তা খাতুন ঘরের ভেতরে প্রথমে বালিশ চাপা দিয়ে শিশুসন্তান তাওহিদকে (৪) হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, গত দুই বছর ধরে হৃদয় নামে এক যুবকের সঙ্গে মুক্তা খাতুনের সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে স্বামী কিংবা প্রেমিকের সঙ্গে দ্বন্দ্ব তৈরির কারণে এমন ঘটনা ঘটতে পারে।
এ প্রসঙ্গে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
ঢাকা/শাহীন//
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী