রামেকে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি ১৩২ শিশু, মৃত্যু ১
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নতুন করে ১৩২ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া, মারা গেছে এক শিশু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১৩২ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু মারা গেছে।
তিনি জানান, এখন পর্যন্ত হাম নিয়ে ৩৪০ জন শিশু হাসপাতালে ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় চার শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বুধবার রাত পর্যন্ত হাসপাতালে ৫৬ জন শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অপেক্ষায় ছিল। তারা সবাই হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পাশাপাশি হাসপাতালের আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে। ১২টি থেকে আইসিইউ বেড ১৮টি করা হয়েছে।
এর আগে, রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, আইসিইউর ওপর চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে রামেক হাসপাতালের আইসিইউ থেকে এক শিশু রোগীকে (নন-মিজেলস) সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরো রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, স্থানান্তরিত রোগীদের চিকিৎসাসেবা রামেকের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেবে।
বজ্রপাতের মতো এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী