ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আর চুপ থাকা সম্ভব হলো না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২ এপ্রিল ২০২৬  
‘আর চুপ থাকা সম্ভব হলো না’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ‘উপরে যতটা ফিটফাট দেখাচ্ছে, ভেতরেই ঠিক ততটাই বা তার চাইতেও বেশি সদরঘাট’ হয়ে আছে। ঘরোয়া ক্রিকেট আতুড়ঘরে! ক্রিকেটের ভরা মৌসুমে মাঠে নেই ব‌্যাট-বলের ঠুকঠাক শব্দ। জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা অলস সময় কাটাচ্ছেন নিজেদের মতো করে।

দেশের ক্রিকেট থমকে আছে। আন্তর্জাতিক ক্রিকেটেই কেবল ব্যস্ততা। ঘরোয়া ক্রিকেটের নেই কোনো হাকডাক। ক্লাবভিত্তিক প্রতিযোগিতা এই দেশের ক্রিকেটের প্রাণ। অথচ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের যাচ্ছেতাই অবস্থা। মাঠে ক্রিকেট ফেরাতে বোর্ডের নেই কোনো উদ্যোগ। ক্লাবগুলোর সঙ্গে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের দূরত্বের কারণে লিগ কবে শুরু হবে তা জানা নেই কারো।

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)লিগ শুরুর দাবিতে ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামকে চিঠিও দিয়েছেন। কিন্তু লিগ শুরুর কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। এদিকে ক্রিকেট বোর্ডের ভেতরে অসন্তোষ দানা বাঁধছে। তেমনি মাঠে নামতে না পেরে বিসিবিকে কাঠগড়ায় তুলছেন ক্রিকেটাররা।

সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ‌্যমে। ক্রিকেটারদের কথা কেউ চিন্তা করছেন না বলে দাবি করছেন অস্ট্রেলিয়ায় থাকা ইমরুল।

ইমরুল লিখেছেন, ‘‘বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন?’’

‘‘আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই।’’

ইমরুলের দাবি, কেবল জাতীয় দলের চিন্তা করাতেই লিগগুলো নিয়ে ভাবতে পারছেন না সংশ্লিষ্টরা, ‘‘সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ক্রিকেট মানেই কেবল জাতীয় দল নয়! জাতীয় দলের পাশাপাশি আমাদের সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে ভাবা এখন সময়ের দাবি।’’

ব্যক্তিগত দ্বন্দ্ব মিটিয়ে ক্রিকেটের পেছনে সময় দেওয়ার কথা বলেছেন ইমরুল, ‘‘আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে "ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি" বলাটা কি হাস্যকর নয়? ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না।

সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, ব্যক্তিগত স্বার্থ ভুলে দ্রুত মাঠের ক্রিকেট ফেরানোর ব্যবস্থা করুন। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না।’’

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যোগ করেন, ‘‘আমি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি-অনুগ্রহ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’’

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়