ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা, সমন জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২ এপ্রিল ২০২৬  
সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা, সমন জারি

মুফতি আমির হামজা। ফাইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির মামলাটি করেন।

আরো পড়ুন:

দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সুমন ভুইয়া এই মামলায় সমন জারি করেন।

মামলার বাদী হুমায়ন কবির বলেন, “মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছি।”

বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, “আমি খতিবদের কাছে দরখাস্ত করেছিলাম কি করলে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী হয়। তারা আমার দরখাস্তের আলোকে জানিয়েছেন, এভাবে কেউ নাস্তিক হন না বা ধর্ম বিদ্বেষী হন না। আমরা সব কাগজ ও পেনড্রাইভ দিয়ে পূর্ণাঙ্গ মামলা ফাইল করেছি। বিজ্ঞ আদালত সমন জারি করে করেছেন। পরবর্তী তারিখে তিনি (মুফতি আমির হামজা) হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।”

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “গত ২৬ মার্চ জেলা প্রশাসান আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে আপাদমস্তক ইসলাম বিদ্বেষী ও নাস্তিক আখ্যা দিয়ে প্রকাশ্য জনসম্মুখে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা। এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু ৫ ওয়াক্ত নামাজ পরেন, রোজা রাখেন, হজ্ব করেছেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা-মসজিদ প্রতিষ্ঠা করছেন। সিরাজগঞ্জের সব মুফতি প্রকাশ্যে বলেছেন, টুকু সাহেব যে বক্তব্য দিয়েছেনে এটা ইসলাম বিরোধী বক্তব্য নয়। তাকে নাস্তিক বলা যাবে না। যিনি তাকে নাস্তিক বলেছেন, তিনিই নাস্তিক। আমরা ইচ্ছা করলে সভা সমাবেশ করতে পারতাম। কিন্তু, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।” 

তিনি বলেন, “শুনেছি মুফতি আমির হামজা আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা চাই, তাকে প্রকাশ্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়