ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবি শিক্ষিকা হত্যা: চিকিৎসা শেষে প্রধান আসামি জেলে

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২ এপ্রিল ২০২৬  
ইবি শিক্ষিকা হত্যা: চিকিৎসা শেষে প্রধান আসামি জেলে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ইবি থানা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ সংঘটিত এ হত্যাকাণ্ডের পর থেকে ফজলুর রহমান পুলিশি পাহারায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৩১ মার্চ তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা তাকে সুস্থ ঘোষণা করলে আদালতে সোপর্দ করা হয়। তবে, তিনি এখনো কথা বলতে পারছেন না, ফলে তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।”

তিনি আরো জানান, আহত অবস্থায় চিকিৎসকদের সামনে আসামি একটি লিখিত বক্তব্য দিয়েছিলেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এদিকে, মামলার অন্যান্য আসামিরা যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ইবি থানার অফিসার ইনচার্জ। মামলার অন্য আসামিদের বিরুদ্ধেও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়