নববর্ষের দিন ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। তিন ধাপে পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকাসহ বিভিন্ন সুবিধা পাবেন। আগামীকাল নববর্ষের দিন টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ এপ্রিল) শহীদ মারুফ স্টেডিয়াম অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
আমিন উর রশিদ বলেন, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ভাগ্য পরিবর্তন হলেই দেশ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন ন্যায্যমূল্য ও অধিকার পান, এই লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, পহেলা বৈশাখে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা—যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।
মন্ত্রী আরো বলেন, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে ‘প্রি-পাইলটিং’ হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে পাইলটিং ও পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।
ঢাকা/কাওসার/রাজীব
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি