ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলা করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৩ এপ্রিল ২০২৬  
ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলা করবে এনসিপি

বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ আয়োজনে থাকবে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনাসহ ঐতিহ্যবাহী নানা আয়োজন।

সোমবার (১৩ এপ্রিল) এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান জানিয়েছেন, পহেলা বৈশাখে দুপুরের পর মূল আয়োজন শুরু হবে। বেলা ৩টায় বর্ণিল শোভাযাত্রায় অংশ নেবেন এনসিপির নেতাকর্মীরা। রাজধানীর বাংলামোটর থেকে শুরু করে শাহবাগ হয়ে এ শোভাযাত্রা বাংলামোটরে ফিরে এসে শেষ হবে। একই সময়ে বাংলা মোটরের নেভি গলিতে বসবে বৈশাখী মেলা। এ আয়োজনে থাকবে গান, নৃত্য ও বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ। মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজনও থাকছে।

এনসিপির সংস্কৃতি সেলের সম্পাদক ঢাকাবাসীর উদ্দেশে বলেছেন, “নতুন বছরের নতুন দিনে আমাদের সঙ্গে মিলিত হোন ঐতিহ্য আর উৎসবের রঙে রঙিন হতে। আপনার উপস্থিতি আমাদের আনন্দকে পূর্ণতা দেবে।”

নেভি গলির আয়োজনস্থলে সোমবার রাত ৮টার পর শুরু হয়েছে আল্পনা আঁকা। আগামীকাল মঙ্গলবারের মেলায় খাবার ও মাটির তৈজসপত্রের দোকান বসবে। সরকারি নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সন্ধ্যা ৬টার আগেই মেলার কার্যক্রম শেষ হবে।

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়