গোপালগঞ্জে ডাকাতিচেষ্টা, ২ জনকে গণধোলাই
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সিকির বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের নিজেদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
স্থানীযরা জানান, রাতে একটি মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি দল সিকির বাজার এলাকায় আসে। প্রতিদিনের মতো স্বর্ণের দোকান বন্ধ করে একটি ব্যাগে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথিমধ্যে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডাকাতরা কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকির বাজার এলাকায় ফেলে যায় এবং শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়।
ডাকাতির খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এসময় ডাকাতরা গাড়ি ঘুরিয়ে আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয়রা রিকশা-ভ্যান দিয়ে বাঁধা সৃষ্টি করে। এক পর্যায়ে স্থানীয় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। এসময় বাকি ৫ ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ডাকাত ও দুই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/বাদল/মাসুদ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫