ডুজা সদস্যদের ওপর হামলা, ৩ দফা দাবিতে ছাত্রশক্তির একাত্মতা
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। একই সঙ্গে সংগঠনটি ডুজার ঘোষিত তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডুজার সদস্যদের ওপর ক্ষমতাসীন দল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল হামলা চালায়। ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে জাতীয় ছাত্রশক্তি বলেছে, “এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।”
সংগঠনটির দাবি, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা ছাত্রদলের হামলার শিকার হন। এতে ডুজার সভাপতি মানজুর হোসেন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে আরো রয়েছেন নাইমুর রহমান ইমন, খালিদ হাসান, সামশুদ্দৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, সৌরভ ইসলাম ও আসাদুজ্জামান খান।
ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম অভিযোগ করেন, “ছাত্রদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী পরিকল্পিতভাবে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকেও তুলে ধরে।”
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, টানা দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন, যা সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।
এ ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। পাশাপাশি সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি ডুজার তিন দফা দাবির প্রতিও সমর্থন জানিয়েছে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহিষ্কার করা এবং সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।
একইসঙ্গে, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ঢাকা/সৌরভ/জান্নাত
চাল-চিনিসহ বেড়েছে মাছ, ডিম ও সবজির দাম