ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:২৬, ২৪ এপ্রিল ২০২৬
ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে: ট্রাম্প

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউজে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই তথ্য জানান। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে। দুই দেশই বর্তমান যুদ্ধবিরতি আরো তিন সপ্তাহ দীর্ঘায়িত করতে রাজি হয়েছে। 

আরো পড়ুন:

ট্রাম্প আরো জানান, তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ এবং ইরানকে আলোচনার বাইরে রেখে এই চুক্তির বাস্তবায়ন প্রায় অসম্ভব।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের পাবলিক পলিসি ফেলো রামি খুরি বলেন, তিন সপ্তাহের এই বর্ধিত যুদ্ধবিরতি বজায় রাখা খুব ‘কঠিন’ হবে কারণ এতে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পক্ষ- ‘হিজবুল্লাহ ও ইরান’ জড়িত নেই।

তিনি আরো যোগ করেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র লেবাননের ওপর এমন একটি চুক্তি ‘চাপিয়ে দেওয়ার’ চেষ্টা করছে যা লেবাননের অর্ধেক মানুষই চায় না।

তবে তিনি আশাবাদী হয়ে এও বলেন যে, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল টেবিলে থাকা ‘আরব শান্তি পরিকল্পনা’ প্রস্তাবটি গ্রহণ করে, তাহলে ‘তিন মাসের মধ্যে’ শান্তি ফিরে আসতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ১০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান থেকে সরে যায়নি। উল্টো ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের দাবি, তারা লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চলটি দখল করে রাখতে চায়।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়