এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ইসহাক সরকার।
সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়া ইসহাক সরকার এনসিপিতে যোগ দিচ্ছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।
গুঞ্জন রয়েছে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন ইসহাক সরকার। বর্তমানে এই পদে থাকা দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াবেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, “দলীয় স্বার্থ সবার আগে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এমতাবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একইসঙ্গে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেনে ইসহাক সরকার। এরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে ইসহাক সরকার বলেন, “বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ আমাকে দেওয়া হয়নি। এমনকি আমার অফিস দখল করে নেওয়া হয়েছে, আরো নানাভাবে হয়রানি করা হয়েছে। তবে কারো প্রতি কোন বিদ্বেষ না রেখে আমি সামনে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া চাই।”
ঢাকা/রায়হান/রাজীব
ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে: ট্রাম্প