ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২৪ মে ২০২৬  
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি

কুমারখালী উপজেলায় ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাসের বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ার তদন্ত করে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। 

রবিবার ( ২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরো পড়ুন:

সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, লাহিনীপাড়া-সান্দিয়ারা জিকে ক্যানেল সড়ক ঘেঁষে ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাসের রঙিন টিনশেডের চৌচালা ঘর। ঘরটির দুটি বেড়া ও টিনের গেটের কয়েকটি স্থানে কাটা ক্ষত। সেখানে উৎসুক কয়েকজন ভিড় করেছেন। পুলিশ তদন্ত করছে। 

এ সময় ছাত্রদল নেতার ভাবি সাথী খাতুন বলেন, ‘‘ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলতে গিয়ে দেখি, বাইরে থেকে ছিটকানি লাগানো। ভয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে।’’ 

প্রতিবেশী রেজাউলের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘‘গুলির মতো শব্দ শুনে প্রথমে ভাবলাম গরু ডাকাতি করতে আইছে। পরে সবাই এসে দেখি দরজায় ছিটকানি লাগানো। টিনের বেড়ায় কোপের দাগ। তবে কাউকে দেখা যায়নি।’’ 

ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাস বলেন, ‘‘ফজরের আজানের ২০-২৫ মিনিট আগে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। শুনলাম, ঘরের বাইরে বেশ কয়েকজন বকাবকি করছে, আর বেড়ায় কোপ দিচ্ছে। মাত্র দুই মিনিটের মধ্যে কোপাকুপি করে তারা চলে যায়। তবে কাউকে চিনতে পারিনি।’’ তিনি জানান, হামলাকারীরা দুই রাউন্ড গুলি করেছে। 

প্রান্ত বিশ্বাস বলেন, ‘‘পাওয়া টাকা নিয়ে বিরোধে স্থানীয় মহিলা মেম্বর মরিয়ম খাতুনের স্বামী নিজাম উদ্দিন এবং তার লোকজন এ হামলা চালিয়েছে।’’ অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মরিয়ম বলেন, ‘‘হামলায় আমরা জড়িত নই।’’ 

যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বলেন, ছাত্রদল নেতা প্রান্ত নিরীহ ছেলে। তার বাড়িতে রাতের আঁধারে কে বা কারা হামলা করেছে, তা দুঃখজনক। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

গুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়