ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ন্যায্যমূল্য না পেয়ে নদীতে চামড়া ফেললেন ব্যবসায়ীরা

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ৩০ মে ২০২৬   আপডেট: ০৮:০৫, ৩০ মে ২০২৬
ন্যায্যমূল্য না পেয়ে নদীতে চামড়া ফেললেন ব্যবসায়ীরা

ফেনীর দাগনভূঞা উপজেলায় ন্যায্যমূল্য না পেয়ে ছোট ফেনী নদীতে কোরবানির পশুর চামড়া ফেলে দিয়েছেন কয়েকজন মৌসুমি ব্যবসায়ী। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে পরিবেশদূষণের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীদের বাড়িতে যান দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। এ সময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দাগনভূঞার মাতুভূঞা এলাকার একটি সেতু থেকে ছোট ফেনী নদীতে গরুর চামড়া ফেলছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, ঈদের পর দুই দিন পার হলেও চামড়া বিক্রি করতে না পেরে এবং সংরক্ষণের অতিরিক্ত খরচ বহন করতে না পারায় কিছু মৌসুমি ব্যবসায়ী তাদের সংগ্রহ করা চামড়া নদীতে ফেলে দেন।

ভিডিওটি নজরে আসার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম উপজেলার মমারিজপুর গ্রামে যান। সেখানে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে নদীতে চামড়া ফেলে পরিবেশ দূষিত করার কারণ জানতে চান। এ সময় ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্কতামূলক পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযুক্ত চামড়া ব্যবসায়ী খুরশিদ আলম বলেছেন, “আমরা না জেনে, না বুঝে নদীতে চামড়া ফেলেছি। এটা করা উচিত হয়নি। এটি যে পরিবেশের জন্য ক্ষতিকর, তা আমরা জানতাম না। এমন ভুল আর কখনো করব না।”

দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেছেন, “অভিযুক্তরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন অপরাধমূলক কাজ করবেন না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত, লোকসানের কারণে তারা এমন কাজটি করেছেন। তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করতে পারতাম।” 

এবার ঈদে কাঁচা চামড়ার বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় ফেনীর বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। 

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়