ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ঢাকা কলেজ

মেহেদী হাসান তালহা, ঢাকা কলেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:৫১, ২৭ জানুয়ারি ২০২২
৩৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ঢাকা কলেজ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-মেডিক্যালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া ৩৩২ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ঢাকা কলেজ। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কলেজের ৪টি অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পৃথকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়। 

আরো পড়ুন:

চলতি বছরে ঢাকা কলেজ থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ৫৩ জন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ৮০ জন, মেডিক্যাল কলেজে ৩২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৮ জন এবং অন্য বিশ্ববিদ্যালয়ে ৮৯ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার। তিনি বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন কলেজ ঢাকা কলেজ তার শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে ১৮০ বছর ধরে। এবছর বুয়েট, মেডিক্যালসহ বিভিন্ন বিশ্বিদ্যালয়ে ৩৩২ জন চান্স পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তোমরা অগ্রজ, তোমাদের দেখে ভবিষ্যতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে। যদি সব শিক্ষার্থী সুযোগ পেতো, আমাদের আরও ভালো লাগতো। কারণ আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের সেভাবেই গড়ে তুলেছেন। 

তিনি আরও বলেন, বর্তমানে দেশের দুই তৃতীয়াংশ জনশক্তি তরুণ। তরুণরা দেশের মূল চালিকাশক্তি। তাই তরুণদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চতুর্থ শিল্প বিপ্লব। এই চ্যালেঞ্জ শক্তভাবে মোকাবিলা করতে হবে। 

ঢাকা কলেজ নিবিড় পাঠ ও পরিকল্পনা বিভাগের আহব্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ টি এম মঈনুল হোসেন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

/মাহি/

সর্বশেষ

পাঠকপ্রিয়