রাবি প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক বলেন, “রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এজন্যই এক মাস রোজা রাখার নির্দেশনা রয়েছে। ব্যক্তিগত ও কর্মজীবনে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাংলাদেশ জনসংখ্যার তুলনায় ছোট দেশ হওয়ায় সবার অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় জনগণকে মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। জাতীয় জীবনের প্রত্যাশা পূরণে আল্লাহর সাহায্য কামনা করতে হবে, কারণ তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়।”
পাশাপাশি সবাই যেন রোজা যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য বেশি বেশি দোয়া করার আহ্বান ও সুন্দর আয়োজনের জন্য রাবি প্রেসক্লাবকে ধন্যবাদও জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, “প্রেসক্লাবের এ আয়োজন প্রশংসনীয়।”
তিনি আশা প্রকাশ করেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি রমজানের শিক্ষা ধারণ করে সবাই যেন পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসেন।
ক্লাব সভাপতি মনির হোসেন মাহিন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “রমজান তাকওয়া অর্জনের মাস। এ সময় মানুষ আত্মসংযমের মাধ্যমে পাপ থেকে বিরত থাকার চেষ্টা করে। শুধু রমজানেই নয়, বছরের অন্যান্য সময়েও যেন আমরা সহযোগিতার মনোভাব ধরে রাখতে পারি।”
তিনি আরো উল্লেখ করেন, রমজান সাংবাদিকতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে; এটি সততা ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা সারা বছর অনুসরণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, বিভিন্ন হলের প্রভোস্ট, রাকসুর নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিরা।
ঢাকা/ফাহিম/জান্নাত