ইবিতে বৈশাখীয়ানা: শিক্ষার্থীদের পদচারণায় মুখর বটতলা
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলা নববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব-১৪৩৩’। রবিবার (১৯ এপ্রিল) থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন স্বপ্নবিতানের উদ্যোগে বটতলা প্রাঙ্গণে এই আয়োজন চলছে। সোমবার (২০ এপ্রিল) উৎসবের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
সরেজমিনে দেখা গেছে, উৎসবজুড়ে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে সাজিয়েছেন বাহারি স্টল। মৃৎশিল্প, হস্তশিল্প থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে অংশ নিয়েছেন তরুণ উদ্যোক্তারা। টাঙ্গাইলের চমচম, ফরিদপুরের ভেলপুরি ও রসগোল্লাসহ নানা স্বাদের খাবারে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
শুধু কেনাকাটা নয়, বিনোদনের ব্যবস্থাও ছিল সমান আকর্ষণীয়। নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা।
আয়োজকরা জানান, এবারের উৎসবে মোট ৩৩টি স্টল ও ৫টি স্পন্সর রয়েছে। স্পন্সরকৃত ব্যবসায়ীদের পাশাপাশি শিক্ষার্থীরাও নিজেদের উদ্যোগে বিভিন্ন পণ্যের স্টল দিয়েছেন। দ্বিতীয় দিনে লোকগান ও লোকসংস্কৃতির আয়োজন রাখা হয়েছে, আর শেষ দিনে থাকছে ব্যান্ড সংগীত।
স্বপ্নবিতানের সভাপতি সায়েম আহমেদ বলেন, “নতুন বছরকে বরণ করে নিতে দ্বিতীয়বারের মতো তারা এই আয়োজন করেছেন। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। স্বপ্নবিতানের সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেশপ্রেমকে সংস্কৃতির মাধ্যমে প্রকাশ করতে চাই। সেই লক্ষ্যেই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ থাকছে লোকগান ও লোকসংস্কৃতি, আর আগামীকাল কনসার্ট। বিশ্ববিদ্যালয় ও আশপাশের সবাইকে আমাদের এই আয়োজন উপভোগ করার আহ্বান জানাচ্ছি।”
মেলায় ঘুরতে এসে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী হৃদয় খান বলেন, “গত বছরের মতো এবারো বৈশাখীয়ানা উৎসব হওয়ায় তিনি আনন্দিত। নতুন উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়া এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার এই উদ্যোগ অব্যাহত থাকা উচিত।”
ঢাকা/তানিম/জান্নাত
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার