ঢাকার রাস্তায় বিশ্বকাপ গ্যালারির উন্মাদনা
জ্যেষ্ঠ প্রতিবেদক : ক্রিকেট মানেই ভক্ত সমর্থকদের হই-হুল্লোট, উত্তেজনা। এবারের ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে সেই ইংল্যান্ড, ওয়েলসে। ইচ্ছা থাকলেও গ্যালারিতে উপস্থিত থেকে প্রিয় দলকে প্রেরণা দেওয়া সম্ভব নয়, আবার বাসায় বসেও সমন্বিত খেলা উপভোগের মজা মিলে না। তাইতো ঢাকার রাস্তায় বিশ্বকাপ গ্যালারির উন্মাদনা উপভোগের ব্যবস্থা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জায়ান্ট টিভি স্ক্রিন বা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।
এমনকি রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা সিটি কর্পোরেশেন কর্তৃক বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে যেগুলো বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়া রয়েছে, জানা গেছে সেগুলোতেও আজ খেলা দেখার ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে কল্যাণপুর পেট্রোল পাম্পের উপরের স্ক্রিন, পুরান ঢাকার পাকিস্তান মাঠ, কাকরাইলের রাজমনী সিনেমা হল ও ফার্মগেটের মিনি স্ক্রিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এলইডি পর্দায় খেলার দেখার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাক-ঢোল আর উল্লাসধ্বনিতে খেলা উপভোগের যাবতীয় আয়োজন শেষ এখানে। এখন শুধু অপেক্ষা খেলা শুরুর। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ বাংলাদেশ-ভারত ম্যাচটি।
উল্লাস ধ্বনি সাধারণত স্টেডিয়ামের ভেতরে গ্যালারি থেকে আসে। বিশেষ আয়োজনের এসব স্থানেও থাকবে গ্যালারির পরিবেশ। টাইগারদের প্রতি চার-ছয়ে উল্লাস ধ্বনি হবে ঢাকার মোড়ে মোড়ে।
বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকবে আজ বাংলাদেশ-ভারত ঝড়। অনেকেই খেলাটি লাইব স্ট্রীম করবেন। লাইভ স্ট্রীম হবে ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানভিত্তিক ইউটিউব চ্যানেলেও। অনলাইনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে র্যাবিটহোল বিডি। র্যাবিটহোলের ওয়েবসাইট বা অ্যাপে লগ-ইন করে সরাসরি দেখা যাবে ভারত-বাংলাদেশের ম্যাচটি।
পাশাপাশি খেলা দেখা যাবে গ্রামীণফোনের বায়োস্কোপ () অ্যাপ দিয়েও দেখা যাবে খেলা, তবে সময়ের হেরফের থাকবে এই অ্যাপে। সরাসরি খেলা দেখা ছাড়াও লাইভ স্কোর জানা যাবে ক্রিকবাজ , ক্রিকইনফোর মতো ওয়েবসাইটের মাধ্যমে।
এদিকে ক্রিকেট বোদ্ধারা বলছেন, ভাল পারফরমেন্স করা সত্ত্বেও বিশ্বকাপে কঠিন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় ছাড়া আর কোন উপায় নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে জিতলেই জয়ের আশা বেঁচে থাকবে, আর হেরে গেলে লিগ পর্ব থেকেই এবারের বিশ্বকাপ পর্ব শেষ করতে হবে বাংলাদেশকে। জয় ছাড়া অন্য কোন পথ খোলা না থাকায়, ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জয় করাই এখন একমাত্র লক্ষ্য মাশরাফি বাহিনীর।
রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/হাসান/লাকী
রাইজিংবিডি.কম