ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতির খবরে পুঁজিবাজারে উত্থান, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৮ এপ্রিল ২০২৬  
যুদ্ধবিরতির খবরে পুঁজিবাজারে উত্থান, বেড়েছে লেনদেন

পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। যুদ্ধবিরতির খবরে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ব্যাপক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন, ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার এক মাসের বেশি সময় পর মঙ্গলবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এর ফলে হরমুজ প্রণালি পুনরায় সচল হচ্ছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের এই খবরে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে গত কদিনের তুলনায় বুধবার ব্যাপক উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে দেশের উভয় পুঁজিবাজার।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে বুধবার সকাল থেকেই সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১৭.৯৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩০.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫.৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫৪.৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৬৭টি কোম্পানির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত আছে ১১টির।

এদিন, ডিএসইতে মোট ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯২.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৯.১৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩২৮.২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৮.০৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৪.৪৫ পয়েন্ট বেড়ে ৮৯৭.৬২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩১৬.১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১২.৫৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৬টি কোম্পানির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত আছে ৮টির।

আরো পড়ুন:

দিন শেষে সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়