ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হলো এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৬ মার্চ ২০২৬  
পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হলো এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

মেয়াদ পূর্ণ হওয়ায় পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হলো এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। সোমবার (১৬ মার্চ) থেকে ফান্ডটি আর পুঁজিবাজারে তালিকাভুক্ত নেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) গত বছরের ১১ নভেম্বর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ ডিএসইর ১১১০তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয় ডিএসই।

মেয়াদ শেষ হওয়ায় এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের অবসায়ন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১০ মার্চ ফান্ডটির মেয়াদ শেষ হয়। এর আগে ফান্ডটির মেয়াদ ১০ বছর বাড়ানো এবং মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের আবেদন করা হয়। তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় এ আবেদনে সম্মতি দেয়নি বিএসইসি।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফান্ডটির পরিশোধিত মূলধন ছিল ৬১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ও পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ছিল ১০ কোটি ৭৫ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ছিল ৬ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৫০। এর ৩ দশমিক ২৪ শতাংশ ছিল উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭৬, বিদেশি বিনিয়োগকারী দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৭ দশমিক ৮০ শতাংশ ইউনিট ছিল।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়