আমি খুবই বিভ্রান্ত: শাওন
মেহের আফরোজ শাওন
সারা দেশে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন অপেক্ষা ফলাফলের। ফলে নির্বাচনি হাওয়ায় ভাসছেন দেশবাসী। এরই মধ্যে সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন জানালেন, প্রধান উপদেষ্টার কথায় বিভ্রান্ত তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে মেহের আফরোজ শাওন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে বিভ্রান্ত হওয়ার কথা জানান এই শিল্পী।
মেহের আফরোজ শাওন বলেন, “আমি খুবই বিভ্রান্ত! প্রথমে ভেবেছিলাম ৫ আগস্ট, ভুল বললাম—৩৬ জুলাই ২০২৪ নতুন বাংলাদেশের (বাংলাদেশ ২.০) জন্মদিন। তারপর ১৭ অক্টোবর ২০২৫-এ ড. ইউনূস সাহেবের বক্তৃতার মাধ্যমে জানলাম, ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম।”
প্রধান উপদেষ্টার বক্তব্য টেনে মেহের আফরোজ শাওন বলেন, “সেদিন তিনি আরো বলেছিলেন, ‘আজ আমাদের নতুন জন্মের দিন। এই স্বাক্ষরের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করছি।’ তার মানে ১৭ অক্টোবর ২০২৫, নতুন বাংলাদেশের জন্মদিন।”
বিস্ময় প্রকাশ করে মেহের আফরোজ শাওন বলেন, “অপেক্ষা করুন…। আজ আবার এটা কি দেখছি! ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন!’ মানে কি? এক দেশের কয়টা জন্মদিন? দেশটাকে তো উনি বেগম খালেদা জিয়া বানিয়ে ছাড়লেন দেখছি! আমার কাছে বাংলাদেশের জন্মদিন একটাই, ২৬ মার্চ ১৯৭১।”
প্রধান উপদেষ্টার একটি বক্তব্যকে সমর্থন জানিয়ে মেহের আফরোজ শাওন বলেন, “তবে একটা কথা উনি সঠিক বলেছেন, ‘সারা জাতির জন্য আজকে মুক্তির দিন।’ হয়তো আজকের পর জাতি উনার হাত থেকে মুক্তি পেতেও পারে।”
ঢাকা/শান্ত